মানিকগঞ্জের দৌলতপুরে কৃষকদের হাতে ধরা পড়ল পাচারকৃত সারবোঝাই ভ্যান, সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন   |   জেলার খবর


মোঃ রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:


মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলায় সার পাঁচারের অভিযোগে ১১ বস্তা সার আটক করেছে স্থানীয় কৃষক ও জনতা। 


এ ঘটনায় সার বিক্রির সঙ্গে জড়িত সাব-ডিলার হাবিবুর রহমান হবি‌কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর মেইন সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুরের সাব-ডিলার হাবিবুর রহমান হবি সরকারি বরাদ্দের সার অবৈধভাবে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামের মামুন মিয়ার কাছে বেশি দামে বিক্রি করছিলেন বলে অভিযোগ রয়েছে।


 শুক্রবার ১১ বস্তা সার একটি ভ্যানে করে নাগরপুরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কৃষক ও জনতা ভ্যানটি আটক করেন। পরে তাঁরা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।


খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার অবৈধভাবে বিক্রির অপরাধে সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, “সরকারি সার অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আটক ১১ বস্তা সার উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

জেলার খবর এর আরও খবর: