বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ নারী আটক।
মনা বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাহিনুর (৪১) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ শুক্রবার বিকালে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শাহিনুর বড়আঁচড়া গ্রামের আমিনুর রহমানের স্ত্রী।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের নায়েব সুবেদার খোরশেদ আলম জানায়, গোপন সংবাদে জানা যায় একজন নারী মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া এলাকায় মাদক কেনাবেচা করছে। পরে সেখানে অভিযান চালিয়ে শাহিনুর নামে এক নারীকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২২ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, করোনাকে পুঁজি করে মাদকের দাম বেশি হওয়ায় বড়আঁচড়া এলাকায় ওই নারী ফেনসিডিলের কারবার গড়ে তুলেছেন। তাদের দাবি, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ সে এ কারবার করে যাচ্ছেন। পুলিশ ও বিজিবি সদস্যরা করোনায় ব্যস্ত সময় পার করায় মাদক ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
