উতমা পাথর কোয়ারিতে বন্দ হচ্ছে না পাথর উত্তোলন,পুলিশের অভিযানে ২ টি মেশিন আটক।
এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিঃ
সিলেটর কোম্পানীগঞ্জের উতমা পাথর কোয়ারী এলাকায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ২টি লিস্টার মেশিন জব্দ করা হয়েছে। এসময় লিস্টার মেশিনের পাইপ ও বিভিন্ন স্থাপনা ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ২টার দিকে উৎমা এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় পুলিশের অভিযানের টের পেয়ে মেশিন মালিক পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম ও শামছুল আরেফিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় যে, বেশ কিছুদিন থেকে রাতের আঁধারে কথিত গর্ত মালিক কারিম ও ফারুক মিয়া সরকারি জায়গায় অবৈধভাবে লিস্টার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে আসছিলো। স্থানীয় শাহাদত ও আলাউদ্দিন এসব অবৈধ পাথর উত্তোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। রাতের আঁধারে পাথর উত্তোলনের বিষয়ে স্থানীয়রা থানা পুলিশকে মোবাইলফোনে বিষয়টি জানালে সাথে সাথে অভিযান চালিয়ে পুলিশ দুটি লিস্টার মেশিন জব্দ করে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এসআই শামছুল আরেফিন বাদি হয়ে কথিত গর্ত মালিক কারিমের নাম উল্লেখ করে আরো ২/৩ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজি উল্লাহ জানান, কোনভাবেই পরিবেশ এবং সরকারি স্থাপনার ক্ষতি করে পাথর উত্তোলন করতে দেয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো জোরদার করা হবে। অবৈধ পাথর উত্তোলনকারিদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। তাছাড়া শাহ আরেফিন টিলা,মইট্টা টিলা ও কালাইরাগসহ কোন এলাকায় ই অবৈধভাবে পরিবেশের ক্ষতি করে কেহ পাথর উত্তোলন করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন।
