গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা হতে অজ্ঞান পার্টির ৫ সদস্য আটক।
মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা রিপোর্টারঃ
গাজীপুর মহানগর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তায় চোরাই ইজি বাইকসহ অজ্ঞান পার্টির ৫ সদস্যকে আটক করেছে মহানগর পুলিশ ইউনিটের সদর থানার টহল পুলিশ।
সদর থানার পক্ষ থেকে এক প্রেস নোটে জানানো হয়, রবিবার(১০ মে) ছিনতাইকারী সিন্ডিকেটটি পরিকল্পিত ভাবে গাজীপুর মহানগর চান্দনা চৌরাস্তা থেকে যাত্রীবেশে রাকিব সরদারের ব্যাটারি চালিত ইজি বাইকে ভাড়ায় উঠে। সিন্ডিকেটটি মহানগর বিভিন্ন এলাকায় ঘুরে এক পর্যায় চালককে রাজেন্দ্রপুর যেতে বলে। পথিমধ্যে ন্যাশনাল পার্ক সংলগ্ন পবন গেইটের সামনে পৌছালে যাত্রীবেশধারী অজ্ঞান পার্টির সদস্যরা চালক রাকিবকে ঘুমের ঔষধ মিশ্রিত জুস খাইয়ে অজ্ঞান করে চালক রাকিবকে যাত্রী সিটে বসিয়ে ইজি বাইকটি সিন্ডিকেটের সদস্য নাঈম চালাতে থাকে। তারা ইজি বাইকটি নিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তায় পৌছালে সেখানকার সুদক্ষ টহলরত পুলিশের সন্দেহ হওয়ায় ইজি বাইকসহ অজ্ঞান পার্টির ৫ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসেন।
আটককৃতরা হলেন রাজশাহী আব্দুলের ছেলে মোঃ আলী হোসেন ওরফে আনোয়ার(১৯), ময়মনসিংহ ত্রিশালের মৃত কুদ্দুসের ছেলে মোঃ নাঈম(১৮), পঞ্চগড় বোদার মোঃ ফয়জুল হকের ছেলে মোঃ রনি হাসান(১৮), সিরাজগঞ্জ শাহাজাদপুরের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ ইসমাইল হোসেন(১৮), টাঙ্গাইল কালিহাতির মোঃ লতিফের মেয়ে মোসাঃ চাঁদনি আক্তার বৃষ্টি(১৮)। আটককৃত অজ্ঞান সিন্ডিকেটের প্রত্যেকেই গাজীপুর নগরীর কোনাবাড়ি থানার বিভিন্ন এলাকার ভিন্ন ভিন্ন বাড়ির ভারাটিয়া।
পুলিশি জিজ্ঞাসায় অজ্ঞান পার্টির সদস্যরা এছাড়াও জানায়, ইজি বাইকটি নিয়ে ঘুরাঘুরির এক পর্যায়ে তাদের সুবিধাজনক স্থানে চালক রাকিব সরদারকে অজ্ঞান অবস্থায় ফেলে দিয়ে বাইকটি নিয়ে চলে যাওয়াই ছিল মূল পরিকল্পনা।
সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূইয়া জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে ৩২৮/৩৭৯/৪১১ ধারায় অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে হাজিরের প্রক্রিয়া চলছে।’
