শিশুপুত্রের উপহারের টাকা মেয়রের ত্রাণ তহবিলে দিলেন বাবা-মা।
লিয়াকত হোসেন রাজশাহীঃকরোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে অনুদান প্রদান অব্যাহত রয়েছে। এবার সাত মাস বয়সী শিশুপুত্রের উপহারের ৫৫ হাজার টাকা ত্রাণ তহবিলে অনুদান দিলেন মোঃ আলমগীর ও সুফিয়া বেগম দম্পতি। মহানগরীর উপশহর নিবাসী এই দম্পতির শিশুপুত্রের নাম আরিয়াত রহমান সোয়াইব। ত্রাণ তহবিলে ৭ মাস বয়সী সর্বকনিষ্ঠ দাতা সোয়াইবকে ভালোবেসে কোলে তুলে নেন মেয়র।
শিশু সোয়াইবের বাবা মোঃ আলমগীর বলেন, আমার দুই মেয়ে সন্তান আছে। ছোট মেয়ের জন্মের ১৫ বছর পর পুত্র সন্তানের বাবা হয়েছি। এ উপলক্ষে শিশুপুত্র সোয়াইবকে অনেক আত্মীয়-স্বজন উপহার ও নগদ অর্থ দিয়েছেন। সেই উপহারের ৫৫ হাজার টাকা আজ মেয়রের ত্রাণ তহবিলে দিলাম।
তিনি আরো বলেন, মেয়র মহোদয় মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এটি ছেলের মা সুফিয়াকে অনেক অনুপ্রাণিত করেছে। তার উৎসাহে ছেলেকে নিয়ে নগর ভবনে হাজির হয়েছি। অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে মেয়র মহোদয় আপ্রাণ প্রচেষ্টা করছেন, সেজন্য মেয়রের ত্রাণ তহবিলে কিছু অর্থ দিতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। আমাদের সমাজের সামর্থবানদের উচিত মেয়রের মহতি উদ্যোগের পাশে থাকা।
এ ব্যাপারে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে মানুষকে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে। মানুষকে খাদ্য সহায়তা দিতে ত্রাণ তহবিল গঠন করে সহযোগিতা আহ্বান জানানোর পর অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন। আজ শিশু সোয়াইবের বাবা-মা তাদের ছেলের উপহারের টাকা কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তার জন্য দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।
