বিশ্বনাথ উপজেলায় নতুন করে দুই পুলিশ সদস্যসহ করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১০।
এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিঃ
প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে খ্যাত সিলেটের বিশ্বনাথ উপজেলায় বেড়েই চলেছে করোনা রোগী। এবার নতুন করে আরো দুই জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাস (কোভিড-১৯) এ। এনিয়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ হওয়া পুলিশের সংখ্যা দাঁড়াল ৬ এ, আর পুরো উপজেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ জনে। নতুন করে যে দুই জন্য করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন তারা হলেন, বিশ্বনাথ থানার এসআই অলক দাশ ও কনস্টেবল আবুল কালাম।
উল্লেখ্য যে, গত ১১ মে ১৩ জন পুলিশ সদস্যের শরীরের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল। (১৬ মে) রাতে প্রাপ্ত রিপোর্ট থেকে জানা গেছে ১৩ জনের মধ্যে ২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
এরপূর্বে গত ১০ মে বিশ্বনাথ থানা পুলিশের আরো ৮ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করে ছিলেন। ১৩মে প্রাপ্ত রিপোর্টে জানা যায় ওই ৮ জনের মধ্যে ২ জন এসআই ও ২ জন এএসআই সহ মোট ৪ জন করোনা পজেটিভ। তারা হলেন এস আই ফজলুল হক, এস আই সবুজ মিয়া, এ এস আই হেলাল আহমদ, এ এস আই জাহাঙ্গীর আলম।
জানা গেছে, নমুনা টেস্টের রিপোর্ট আসার ভিত্তিতে গত ৩ মে বিশ্বনাথের প্রথম করোনা রোগী হিসেবে সনাক্ত হন উপজেলার ৪ নং রামপাশা ইউনিয়নের ঘোড়াইল গ্রামের সুমন মালাকারের স্ত্রী শান্তি রাণী মালাকার (২০)। ৮মে দ্বিতীয় করোনা রোগী হিসেবে সনাক্ত হন একই ইউনিয়নের বৈরাগীবাজারের পল্লীচিকিৎসক সুকুমার দাশের নাতনী শ্রাবন্তী রাণী দাশ (১০)।
এরপূর্বে গত ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সুকুমার দাশের পুত্র সবুজ দাশ। ১০মে তৃতীয় করোনা রোগী হিসেবে সনাক্ত হন কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুর রহমান মুসা এবং ১৩মে ৪ পুলিশ সদস্যের সাথে সাথে করোনা পজেটিভ হন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার। এনিয়ে শনিবার পর্যন্ত রিপোর্ট আসার পর পুলিশ ও ডাক্তারসহ বিশ্বনাথ উপজেলায় মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ জনে।
এদিকে নতুন করে আরো দুইজন পুলিশ সদস্য করোনা পজেটিভ হওয়ার সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) শ্রী রমা প্রসাদ চক্রবর্তী। তিনি জানান যে, নতুন এ দুইজনসহ বিশ্বনাথ থানায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত পুলিশের সংখ্যা দাঁড়াল ৬ জনে।আমাদের জন্যে বিষয়টি সত্যিই বেদনাদায়ক।
