সলঙ্গায় ট্রাক খাদে পড়ে স্বামী-স্ত্রী সহ ৩ জন নিহত।
সলঙ্গা ( সিরাজগন্জ) থানা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক উল্টে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন। তবে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক । মঙ্গলবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহতরা হলো, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের আবু সাঈদ এর ছেলে আলী আকবর (৪২) ও তার স্ত্রী নুরজাহান বেগম (২৭) এবং জয়পুরহাট জেলার পাঁজবিবি উপজেলার সোহেল রানা রানা (২৪)। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান,সয়াবিন তেলবাহী একটি ট্রাক ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে নলকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী সহ তিনজন মারা যায়। আহত হন আরো ৩ জন। পু্লিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগন্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। মরদেহ ৩ টি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে।
