শেওলা স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন ২০ বাংলাদেশী এবং ভারত গেলেন ১২০ ভারতীয় নাগরিক।
এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থল বন্দর দিয়ে দেশে ফিরেছেন ২০ জন বাংলাদেশি নাগরিক। দীর্ঘ প্রায় দুই মাস ভারতে আটকে থাকার পর আজ (২৮ মে) বৃহস্পতিবার তারা দেশে ফিরেন। একইদিন করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে বাংলাদেশে আটকে পড়া ১২০ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।
শেওলা স্থলবন্দর সূত্রে জানা যায় যে, আগত বাংলাদেশি নাগরিকরা পড়ালেখা, ব্যবসা-বানিজ্য, চিকিৎসাসহ নানা কারণে ভারতে গিয়েছিলেন। কিন্ত করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে সতর্কতামূলক সিদ্ধান্ত অনুযায়ী ইমিগ্রেশন সুবিধা বন্ধ থাকার কারণে তারা ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়েছিলেন। অবশেষে সরকারি নির্দেশনা ও বিশেষ ব্যবস্থাপনায় বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শেওলা স্থলবন্দের' র মেডিকেল টিমের দায়িত্বে থাকা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নয়ন মল্লিক গণমাধ্যমকে জানান যে, আজ বৃহস্পতিবার ভারত থেকে দেশে ফেরা ২০ জন বাংলাদেশি নাগরিককে হোম কোয়ারেন্টিনে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। এই মুহূর্তে তাদের শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গের উপস্থিতি মিলেনি। সবাই শারিরিকভাবে সুস্থ রয়েছেন।
একইভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আটকে পড়া ১২০ ভারতীয় নাগরিক শেওলা স্থলবন্দর দিয়ে ভারতে চলে গেছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি ভারতীয় মেডিক্যাল কর্তৃপক্ষ দেখবে বলে জানান তিনি।
