খাগড়াছড়ির দীঘিনালায় দৃষ্টি প্রতিবন্ধি এক নারীকে কুপিয়ে হত্যা,মানিকছড়ি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার।
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় দৃষ্টি প্রতিবন্ধি এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার সকালে উপজেলার মেরং বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে মরিয়ম বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ঐ নারীর স্বজনরা জানান স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর থেকে প্রায় ত্রিশ বছর ধরে একাই থাকেন দৃষ্টি প্রতিবন্ধী ওই নারী। একা থাকায় ঘরে গচ্ছিত নগদ অর্থ চুরি করতেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ। হত্যাকান্ডের পর পুলিশ লাশ উদ্ধার করেছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান,‘ নিহত ওই নারী একাই থাকত। ধারণা করছেন চুরি করতে এসে তাকে কেউ তাকে হত্যা করেছে । নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছ । ঘটনার তদন্ত করে আসামীদের গ্রেফতার করা হবে।
এদিকে জেলার মানিকছড়ির মরাডলু এলাকার খালের পাড়ে নির্জন জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতে উলাউ মারমা(৬০)নামে এক ব্যক্তির ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
উলাউ মারমা মানিকছড়ি মরাডলুর উজান এলাকার কংচাই মারমার ছেলে।গেলো পহেলা জুন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় উলাউ মারমা। পরে ৪ জুন বিকালে বাড়ির অদুরে জঙ্গলে পঁচা লাশের গন্ধ পেয়ে লোকজন গিয়ে উলাউ মারমার লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) আমির হোসেন পুলিশ সদস্যদের নিয়ে সন্ধ্যায় ঘটনাসস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছেন।লাশের শরীরে আঘাতের চিহ্ন ও মাথার চুল কামানো অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান তিনি।এ ঘটনায় তদন্ত চলছে।
