অনিয়মের প্রতিবাদে হামলা; কাশিয়ানীতে ইউপি সদস্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা।
সাইফুল ইসলামঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া বিভিন্ন প্রণোদনা বন্টনে ইউপি সদস্যের অনিয়মের প্রতিবাদ করায় জাফর চৌধুরী ও কবু চৌধুরী নামে দুই ব্যক্তির ওপর হামলার ঘটনায় ইউপি সদস্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত ২৬ এপ্রিল উপজেলার শুক্তাগ্রামের বাসিন্দা নাসির উদ্দিন চৌধুরী (তাপস) বাদী হয়ে কাশিয়ানী থানায় এ মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন উপজেলার রাজপাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নওশের আলী চৌধুরী, ইজাজ চৌধুরী, রিয়াজুল চৌধুরী, জাফরুল চৌধুরী, রাজিব চৌধুরী, ইমরুল চৌধুরী, শুকুর আলী চৌধুরী ও শফিক চৌধুরী।
মামলার বিবরণে জানা গেছে, করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া বিভিন্ন প্রণোদনা বন্টনে ইউপি সদস্য নওশের আলী চৌধুরী অনিয়ম করছিলেন। এ ব্যাপারে স্থানীয়রা প্রতিবাদ করলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনিয়মের বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এতে ইউপি সদস্য নওশের আলী চৌধুরী ক্ষিপ্ত হয়ে গত ২৪ মে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রামদা. লোহার রড, বাঁশের লাঠি ও দেশিয় অস্ত্র-শস্ত্রসহ ৮/১০ জন লোক নিয়ে শুক্তাগ্রামের জাফর চৌধুরী ও কবু চৌধুরীকে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আহতদের চাচাতো ভাই নাসির উদ্দিন চৌধুরী তাপস বাদী হয়ে ঘটনার দু’দিন পর কাশিয়ানী থানা একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ইউপি সদস্য নওশের আলী চৌধুরীর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলার আসামীদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।
