বান্দরবানে জেএসএসের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৬ জন ও আহত ২ জন।
মোঃ আরিফুল ইসলাম (মাটিরাঙ্গা, খাগড়াছড়ি)ঃ
বান্দরবান জেলা সদরের রাজবিলার বাঘমারা ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে জেএসএস সংস্কারপন্থির জেলা সভাপতি সহ ছয় সদস্য নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুইজন। ৭ জুলাই মঙ্গলবার সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেএসএস সংস্কারের জেলা সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, জেলা সহ সভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা। আহতরা হলেন বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা।
স্থানীয়দের মাধ্যমে জানা যায় মূলত আধিপত্য বিস্তারের লড়াইয়ে তাদের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব, সংঘাত চলে আসছিল। ভোর বেলায় সংস্কারপন্থীর নেতারা মিটিং করা কালে জেএসএসের সন্ত্রাসীরা তাদেরকে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে ছয় জন মারা যান এবং দুই জন গুলিবিদ্ধ হন।
এই ধরনের ঘটনা ঘটায় এলাকাবাসীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। বর্তমানে এলাকাটি যৌথবাহিনীর নিয়ন্ত্রণে আছে এবং আহতদেরকে বান্দরবান জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাধীদের ধরার জন্য প্রশাসন বিশেষ তৎপরতায় আছে।
