কমলগঞ্জে ঝুঁকিপূর্ণ ধলাই নদীর বাঁধ, দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর।
জায়েদ আহমেদ,স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাবাসীর একমাত্র দুঃখ হচ্ছে ধলাই নদীর বাঁধ। সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম তীরের বাঁধ লঙ্গুছড়ার পাস হতে গৌরাঙ্গ দক্তের বাড়ি হয়ে রাজারগাঁও গ্রাম পর্যন্ত, প্রায় ছয়টি স্থানে ঝুঁকিপূর্ণ রয়েছে এই নদীর বাধঁ। বাঁধের উপর দিয়ে প্রায় পাঁচ থেকে সাতটি গ্রামের শত শত মানুষের যাতায়াত । এছাড়া এলাকাবাসীর যাতায়াতের আর কোন রাস্তা না থাকায় ধলাই নদীর বাঁধ এলাকাবাসী রাস্তা হিসেবেও ব্যবহার করেন।
বাঁধটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি কে বিষয়টি অবহিত করলে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উক্ত স্থানটি পরিদর্শন করেন। তবে এত দিনেও এখন পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় বর্তমান বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।আশঙ্কা দেখা দিয়েছে নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে এই অঞ্চলের লোকজনের।
(১১ জুলাই) শনিবার দুপুরে সরেজমিনে গেলে এলাকার লোকজন বাধটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন । উক্ত স্থানে ভাঙ্গন সৃষ্টি হলে কমলগঞ্জ সদর ইউনিয়নসহ নিম্নাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কমলগঞ্জ পৌর এলাকাসহ বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হবে। গ্রামের বাসিন্দা মনির মিয়া মাস্টার বলেন, এদিকে নদীর বাঁধ ভেঙে গেলে এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হবে, গৌরাঙ্গ দত্ত বলেন, বাধঁটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় আমরা হুমকির মুখে রয়েছি, এবং উক্ত ঝুঁকিপূর্ণ
স্থানে পড়ে গিয়ে কয়েকজন লোক আহত হয়েছেন বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলী বলেন,বিষয়টি আমি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করেছি। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আব্দুল হান্নানের সাথে আলাপ করলে তিনি বলেন, আমি জোর দাবি জানাই কর্তৃপক্ষের কাছে এ দিকে সু নজর দিয়ে বাধটি দ্রুত মেরামতের জন্য। আলাপে মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী শাকির আহমেদ বলেন, আমরা উক্ত স্থানটি পরিদর্শন করেছি আগামীকাল আবার পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
