করোনায় সাবেক নৌবাহিনী প্রধানের মৃত্যু।
গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আইএসপিআর জানায়, ১লা জুলাই মোহাইমিনুল ইসলাম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বৎসর।
তিনি ১৯৯১ হতে ১৯৯৫ পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে নিকটাত্মীয় স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্যগণ গভীর শোক প্রকাশ করেন।
গতকাল বাদ আসর নৌ সদর দপ্তর মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বনানীস্থ সামরিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
আইএসপিআর জানিয়েছে, রিয়ার এডমিরাল মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম (অবঃ) পেশাগত জীবনে বিভিন্ন জাহাজ/ঘাঁটির অধিনায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিএন ফ্লিট, চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
রিয়ার এডমিরাল মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম ১৯৪১ সালের ১১ই সেপ্টেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১ ডিসেম্বর ১৯৬৩ সালে তিনি কমিশন লাভ করেন। তিনি তুরস্ক ও ফ্রান্সে সাবমেরিন এর উপর বিশেষায়িত কোর্স সম্পন্ন করেন।
