খোলা চিঠি তোমার সমীপে- এস এম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম।

 প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ১১:৪৮ অপরাহ্ন   |   জাতীয়


তোমার মুখটা আজকাল খুবই মলিন দেখায়

তোমাকে অনেক বেশি অসুস্থ মনে হয়,

দৃশ্যত অনুভব করি, খুব ভয় হয়!

নিজের প্রতি যত্নশীল হওয়া বড়ই প্রয়োজন।


তোমায় ঘিরে আছে অগুনিত মানুষের  হাসি কান্না,

কোটি কোটি মানুষের স্বপ্ন,আশা-প্রত্যাশা! 

নিজের জন্য না হলেও,

অন্তত ওদের জন্য বেঁচে থাকতে হবে তোমাকে। 


কে দেবে ওদের খাওয়া-পড়ার নিশ্চয়তা? 

কে মিটাবে ওদের ওষুধের প্রয়োজনীয়তা? 

কে মূল্যায়ন করবে ওদের কর্মযোগ্যতা? 

কে মিটাবে ওদের চাওয়া-পাওয়া শূন্যতা? 

কে শুনবে ওদের জীবনের গল্প?

তুমি ছাড়া যে আর কেউ নেই ওদের! 

আজ যদি তুমি শুধুই একা হতে-

কিছুই বলতাম না তোমায়,

যা ইচ্ছে তাই করতে। 


মন খারাপ কোরো না তুমি-

মানুষ পরিচয়ে পৃথিবীতে জন্ম নিচ্ছে শত-সহস্র,

সবাইকে কিন্তু তোমার মত ভেবো না,

ঘরে ঘরে যদি তোমাকে পাওয়া যেত

এভাবে প্রার্থনার প্রয়োজন অনুধাবন করতাম না হয়তো। 

তোমার প্রয়োজন বেড়েছে আরো প্রত্যাশা কত শত!


মানুষ নামের অমানুষেরা-

শিশুর খাদ্যে মিশিয়ে দিচ্ছে বিষাক্ত সিসা,

হিমায়িত খাদ্যের নামে ফরমালিন,

ভাতের চাল আজ প্লাস্টিকের দানা! 

বিষাক্ত বর্জ্যে দূষিত পানি

কালো ধোঁয়ায় বাতাস হয়েছে ভারী, 

বৃষ্টি হলেই ডুবে যায় রাজধানী। 


কি শিক্ষায় শিক্ষিত হচ্ছে আজ? 

জরুরি সেবায় হেনস্তা আর অনিয়মে

মানুষের নাভিশ্বাস শুরু হয়েছে,

অর্থনীতি,রাজনীতি সকল নীতিতেই-

অসহ্য রকম মন্দা চলছে! 

পাহাড় কেটে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে যাচ্ছে,

বিদেশী সংস্কৃতির বিকৃত উপস্থাপনায়

দেশীয় সংস্কৃতি তার ঐতিহ্য হারাচ্ছে,

শিল্পের মালিকানায় তোষামুদে প্রতারকে ভরে গেছে,

পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় শিষ্টাচারের অভাব পরিলক্ষিত হচ্ছে। 

দেশের বিরুদ্ধে শকুনের দল এখনও

প্রকাশ্য বিরোধিতা করেই যাচ্ছে, 

খেয়ে পড়ে ওরা যেন আরো বেশি শক্তিশালী হচ্ছে! 


মানুষ আজ মানুষ ঠকিয়ে অস্থির উল্লাস করে!

জীবন  রক্ষার ভ্যাকসিন নিয়ে

সারা পৃথিবীতে চলছে বেহায়াপনার নগ্ন নাটক!

বিচার-আচারে মানুষের  আস্থাহীনতা বেড়েই চলছে

মন্দ চর্চায় মানুষের মনন কানায় কানায় ভরে গেছে, 

ধর্ম চর্চার নামে বিশ্ব মেতেছে অধর্ম অকল্যানে-

স্রষ্টার ভয় মুখে যত কয় অন্তরে নাই বাস্তবে!  


তুমি উত্তরাধিকারে তোমার রক্তে বয়ে এনেছ

বাংলার বিশ কোটি জনতার নির্ভরতা,

তোমায় ভালো থাকতেই হবে আরও বহুকাল ধরে।

আরও অনেক কিছু করার রয়েছে বাকি,

মানুষের কল্যানে।

তোমার স্নিগ্ধ হাসিমাখা মুখ-

আরও বহুযুগ ছড়িয়ে থাকুক বাংলার প্রান্তরে।


লেখক - পুলিশ সুপার, গীতিকবি, প্রাবন্ধিক ও কন্ঠ শিল্পী।

জাতীয় এর আরও খবর: