মেহেরপুরের গাংনীর কাজলা নদীতে বাঁধ দেওয়ায় একজনের অর্থদন্ড।
মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী সাহারবাটিতে কাজলা নদীতে আড়া-আড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক জনকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে । দন্ডিত ব্যক্তির নাম আবুল খায়ের সে সাহারবাটি গ্রামের আওলাদ হোসেনের ছেলে। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুর-ই-আলম সিদ্দিকী কাজলা নদীতে উপস্থিত হয়ে এ অর্থদন্ড প্রদান করেন। বাংলাদেশের মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ধারা অনুযায়ী বাঁধ অপসারণ ও অর্থদন্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী জানান, কাজলা নদীদে বাঁধ দিয়ে মাছ শিকার করায় এ অঞ্চলের আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পড়ে এবং অনেক জমির আবাদ পানির নিচে তলিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে কাজলা নদীতে অভিযান চালিয়ে বাঁধ অপসারণসহ অর্থদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে অন্যান্য বাঁধ মালিকদের বাঁধ অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।
