সিরাজগঞ্জে ডিস বিল নিয়ে সৃষ্ট সংঘর্ষ স্থলে পুলিশ মোতায়েন।
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ডিসলাইনের বিল পরিশোধকে কেন্দ্র করে সোমবার (৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় লক্ষীপুর গ্রামে দুইপক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান,ডিসলাইন ব্যবসায়ী শফিকুল ইসলামের নিকট থেকে ডিসলাইন নিয়ে টেলিভিশন চালান একই গ্রামের গ্রাম পুলিশ সৌমিত্র ভৌমিক। প্রতিমাসে ৮০ টাকা দিতে হয় ডিস বিল। গত মাসের বিল পরিশোধে বিলম্ব হলে সোমবার শফিকুল ও তার লোকজনের সঙ্গে সৌমিত্রের পরিবারের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়।এতে সৌমিত্র ভৌমিক, তার স্ত্রী, ছেলে ও মেয়ে আহত হন। আহত হন শফিকুলের পক্ষের আরো দুইজন।সৌমিত্রের স্ত্রী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে বড় রকমের গোলযোগ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সৌমিত্রের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ পত্র দেওয়া হয়েছে।
