গঙ্গাধরদী গ্রামে মাদকের বিস্তার নিয়ে চরম উদ্বেগ, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন   |   অপরাধ


নিজস্ব প্রতিবেদক | ফরিদপুর প্রতিদিন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে মাদকদ্রব্যের বিস্তার নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, গ্রামের নুরু নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজ বাড়িকে কেন্দ্র করে ইয়াবা ও গাঁজার অবৈধ ব্যবসা পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে আসা-যাওয়া করে এবং সেখানে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে এই কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, মাদক ব্যবসার কারণে এলাকার তরুণ সমাজ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এলাকাবাসী আরও অভিযোগ করেন, মাদকের কারণে এলাকায় সামাজিক অবক্ষয়, পারিবারিক অশান্তি এবং ছোটখাটো অপরাধের ঘটনাও বেড়ে যাচ্ছে। সন্ধ্যার পর অনেকেই নিরাপত্তাহীনতায় ভোগেন এবং সাধারণ মানুষ অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হতে ভয় পান বলে দাবি করেন তারা। মাদকমুক্ত ভাঙ্গা গড়ে তুলতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকরা বিভিন্ন সময়ে কাজ করলেও, এলাকাবাসীর মতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তাদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ানোর সাহস না পায়। সচেতন মহলের মতে, মাদক শুধু একজন ব্যক্তি বা একটি পরিবারকে নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার ধারাবাহিক অভিযান আরও জোরদার করা প্রয়োজন। এলাকাবাসী ফরিদপুর জেলা প্রশাসন, ভাঙ্গা উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গঙ্গাধরদী গ্রামকে মাদকমুক্ত করার উদ্যোগ নেওয়া হোক।

অপরাধ এর আরও খবর: