দৌলতপুর উপজেলায়- নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ১৪ ব্যবসায়ীকে জরিমানা।
রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা-এর দৌলতপুর বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আহসানুল আলম (এসিল্যান্ড)-এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা আরোপ ও সতর্কতা প্রদান করা হয়।
দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় ফলের দোকান ও কাঁচাবাজারে বিভিন্ন স্থানে অবৈধ মজুত, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে জরিমানা করা হয়।
এছাড়া পণ্য ক্রয়ের মেমো বা রসিদ সংরক্ষণ না করায় কয়েকটি দোকানকে শাস্তি প্রদান করা হয়েছে।
কাঁচাবাজারের দোকানগুলোতে ১,০০০ টাকা করে এবং অন্যান্য দোকানে সর্বোচ্চ ৭,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। সবমিলিয়ে ১৪ জন ব্যবসায়ীকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি দৌলতপুরেও বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। মূল্যতালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
অভিযানে দৌলতপুর থানা পুলিশ প্রশাসন সহযোগিতা প্রদান করেন।
