দৌলতপুরে ১০৫ পিস ইয়াবাসহ নুরুল ইসলাম গ্রেপ্তার
রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ মোঃ নুরুল ইসলাম খান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দৌলতপুর থানাধীন যুগিন্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার নুরুল ইসলাম খান ওই এলাকার মহর খানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে একটি রেইডিং পার্টি যুগিন্দা এলাকায় নুরুল ইসলাম খানের বসতঘরে অভিযান চালায়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোঁচড় থেকে পলিথিনের একটি প্যাকেটে রাখা ১০৫ পিস (১০.৫ গ্রাম) অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা
এ ঘটনায় উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) সারণিতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটির নম্বর-২ এবং জিআর নম্বর-১২১।
মামলাটির তদন্তভার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের ওপর ন্যস্ত করা হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, এলাকায় অন্যান্য মাদকবিরোধী অভিযান পরিচালনার কারণে এজাহার দাখিলে কিছুটা বিলম্ব হলেও আসামিকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
