দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন   |   জেলার খবর


মোঃ রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:


মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে যমুনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় দেড় কেজি মা ইলিশ জব্দ করা হয়।


মঙ্গলবার (২০ অক্টোবর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় দৌলতপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।

অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


অভিযানকালে নদী থেকে মৎস্যসম্পদ ধ্বংসকারী ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ১ দশমিক ৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।

পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে জব্দ করা অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

অন্যদিকে, জব্দ করা ইলিশ মাছ স্থানীয় দুইজন অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়।


উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মাছ আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, “মা ইলিশ রক্ষা পেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। তাই জাতীয় স্বার্থে অবৈধ জাল ব্যবহার ও মা ইলিশ শিকার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।”


 মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর নির্ধারিত সময় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জেলার খবর এর আরও খবর: