দৌলতপুর বাজারে ব্যবসায়ীদের সতর্ক করলেন ইউএনও, নির্দেশনা না মানলে জরিমানা

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন   |   জেলার খবর


মোঃ রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:


মানিকগঞ্জের দৌলতপুর বাজারে ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা। 


ফুটপাত দখল, সড়কে দোকানের মালামাল রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি, হালনাগাদ ট্রেড লাইসেন্স ও মূল্যতালিকা প্রদর্শন না করা এবং যত্রতত্র যানবাহন পার্কিংয়ের বিষয়ে ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এসব নির্দেশনা না মানলে পরবর্তী সময়ে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।


আজ ১৫ নভেম্বর ২০২৬, রোববার সকাল আনুমানিক ১১টার দিকে দৌলতপুর বাজারে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোবাইল কোর্ট পরিচালনাকালে এসব নির্দেশনা দেন ইউএনও সিলভিয়া স্নিগ্ধা।


অভিযানে তাৎক্ষণিক জরিমানার পরিবর্তে ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম মেনে চলতে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


এ সময় ব্যবসায়ীদের প্রতিটি প্রতিষ্ঠানে হালনাগাদ ট্রেড লাইসেন্স দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখা, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং ফুটপাত দখল না করে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।


এ ছাড়া দৌলতপুর বাজারের গোলচত্বর ও আশপাশের সড়ক এবং গলিপথ যানজটমুক্ত রাখতে অটোরিকশা, সিএনজি, হ্যালোবাইক ও মোটরসাইকেল যত্রতত্র পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে দেখেন এবং বাজারে থাকা সরকারি অব্যবহৃত টিনশেডও পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দেখতে পান, বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে দোকানের মালামাল ও বিভিন্ন সামগ্রী রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সড়কের দুই পাশে দোকানের মালামাল ঝুলিয়ে রাস্তা সংকুচিত করা এবং রাস্তার পাশে ভাড়ায় চালিত মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখার কারণে যান চলাচলে বিঘ্ন ও যানজটের সৃষ্টি হচ্ছে।


তিনি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের এসব অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে সহযোগিতা করার পরামর্শ দেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়ক মো. আরফান প্রধান এবং সমন্বয়ক ও সাংবাদিক রবিউল আলম।

বাজারের যানজট ও জনদুর্ভোগ কমাতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, পরিবহনচালক ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে দৌলতপুর বাজারকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাপূর্ণ ও যানজটমুক্ত রাখা সম্ভব।

জেলার খবর এর আরও খবর: