রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১০ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত; নিহত ১৭ হওয়ার দাবি-ফারুক আহমেদ চান,সৌদি আরব

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

‎**সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক। তবে প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের সংখ্যা ১৭ জন বলে জানা গেছে।**

‎সৌদি আরবের রিয়াদে মুসা সানিয়া এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু বাংলাদেশি শ্রমিক হতাহত হয়েছেন। স্থানীয় সময় আজ দুপুর ২টা থেকে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওই কারখানায় ১৯ জন বাংলাদেশি কর্মী ছিলেন। তাদের মধ্যে আগুনে দগ্ধ হয়ে ৭ জন এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। বাকি দুজনের একজন চুল কাটাতে সেলুনে এবং অন্যজন হাঁটতে বাইরে যাওয়ায় তারা অগ্নিকাণ্ডের সময় কারখানায় ছিলেন না।

‎প্রাথমিকভাবে নিহতদের অধিকাংশের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

‎তবে নিহতের সংখ্যা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আজ রাত সাড়ে ১২টার দিকে আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

‎### নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে

‎নিহতদের মধ্যে উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮) রয়েছেন বলে জানা গেছে।

‎### মন্ত্রীর শোক

‎এদিকে সৌদি আরবের সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

‎এক শোকবার্তায় মন্ত্রী বলেন, সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের আকস্মিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।

‎তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

‎মন্ত্রী আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

‎**তবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির প্রকৃত সংখ্যা, পরিচয় ও ঘটনার বিস্তারিত বিষয়ে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর: