কালকিনিতে নবজাতকদের পরিবারের মাঝে গাছের চারা উপহার

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন   |   জাতীয়


মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 

‘আজকের শিশু আগামীর প্রাণ, একটি চারা গাছ পৃথিবীর নতুন প্রাণ’—এ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে নবজাতকদের পরিবারের হাতে গাছের চারা তুলে দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিতে আসা নবজাতকদের পরিবারের হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। এ সময় নবজাতকের পরিবারের সদস্যদের হাতে চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি পৌরসভার প্রশাসক কিশোর কুমার দাস।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নবজাতকের জন্মের সঙ্গে একটি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবার ও সমাজে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে গাছটিও বেড়ে উঠবে—এমন ধারণা থেকেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

চারা বিতরণের সময় কালকিনি পৌরসভার নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, উপজেলা পরিষদের সিএ মীর সাইফুল ইসলাম শাকিব, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. মোহাদ্দেস শিকদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নবজাতকদের পরিবারের সদস্যরা। তাদের মতে, নবজাতকের জন্মের স্মৃতি হিসেবে একটি গাছের চারা ভবিষ্যতে পরিবারে সবুজ পরিবেশ তৈরির পাশাপাশি পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখবে।

জাতীয় এর আরও খবর: