বদরগঞ্জে যমুনেশ্বরী নদী রক্ষায় মানববন্ধন, অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি
বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে লোহানিপাড়া ও কুতুবপুর ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত যমুনেশ্বরী নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নদী তীরবর্তী কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে নদীর ওপর নির্মিত ব্রিজটির ভিত্তি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে মোঃ নাহিদ বাবু বলেন, “অবৈধ বালু উত্তোলনের কারণে আমাদের এলাকার মানুষ চরম উদ্বেগের মধ্যে রয়েছে। নদী ও ব্রিজ রক্ষায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি। আমরা চাই অবিলম্বে এই অবৈধ কার্যক্রম বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”
এ সময় বক্তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
