ঠাকুরগাঁও-১ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন   |   সারাদেশ


হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি,


ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিয়ে মতবিনিময় করেছে জেলা নির্বাচন অফিস।


বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


প্রতীক বরাদ্দে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন পেয়েছেন ‘ধানের শীষ’। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’।


অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি খাদেমুল ইসলাম পেয়েছেন ‘হাতপাখা’, খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী পেয়েছেন ‘বটগাছ’ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসেন মোহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ‘ডাব’ প্রতীক।


প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান। পাশাপাশি কোনো ধরনের সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।


এ সময় প্রার্থীদের নির্বাচনী প্রচারে আচরণবিধির সীমারেখা মেনে চলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সারাদেশ এর আরও খবর: