বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, পানির মোটর উধাও — আতঙ্কে কর্মচারীরা

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন   |   সারাদেশ


বদরগঞ্জ প্রতিনিধি

হাবিবুর  বকশী

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চুরির ঘটনা ঘটেছে। গত ৮ মার্চ বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা হাসপাতালের নতুন ভবন থেকে একটি পানির মোটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় হাসপাতালের কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে কর্মচারীরা হাসপাতালে এসে দেখেন নতুন ভবনের পানির মোটরের পাইপ ভেঙে অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরটি নিয়ে গেছে। এছাড়া কয়েকদিন আগেও একই ভবনের পানির পাইপ ভেঙে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায়। বারবার চুরির ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় হাসপাতালের স্বাভাবিক সেবা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী ও স্বজনদেরও পড়তে হচ্ছে ভোগান্তিতে।

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুল আরেফিন বলেন, হাসপাতালে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এভাবে চুরি অব্যাহত থাকলে হাসপাতালের সেবা কার্যক্রম আরও ব্যাহত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

স্থানীয়দের দাবি, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের চুরির ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, হাসপাতালে পাহারাদার থাকা সত্ত্বেও চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাদেশ এর আরও খবর: