মগনামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের তৎপরতায় ধরা পড়ল ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী নারী

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন   |   সারাদেশ


মুবিনুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভুয়া ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত নারীর নাম হাছিনা আক্তার। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাছিনা আক্তার দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে মগনামাসহ বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। এ পরিচয় ব্যবহার করে তিনি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ও নানা কৌশলে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী জানান, ওই নারীর চলাফেরা ও কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই তার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। বিষয়টি নিয়ে তিনি গোপনে তথ্য সংগ্রহ করতে থাকেন। একপর্যায়ে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত হলে মঙ্গলবার রাতে ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করে পেকুয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, “এই মহিলা দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিলেন। তার কথাবার্তা ও আচরণ আমার কাছে অনেক আগে থেকেই সন্দেহজনক মনে হয়েছিল। তাই প্রমাণের জন্য অপেক্ষা করছিলাম। আজ নিশ্চিত হওয়ার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।” এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ডিজিএফআই পরিচয়দানকারী এক নারীকে মগনামা থেকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা ভুয়া পরিচয়ে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সারাদেশ এর আরও খবর: