অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন
রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের রামচন্দ্রপুর কালিকাবাড়ী গ্রামের এক নারী তার বসতবাড়ি ও কৃষিজমি রক্ষার দাবিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর কালিকাবাড়ী গ্রামের খোদেজা আক্তার নামের এক নারী সম্প্রতি দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছেন। নদীগর্ভে বিলীন হওয়ার পর বর্তমানে নতুন জেগে ওঠা জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে তার জমির পাশ থেকে মাটি উত্তোলন করছেন। এতে তার বসতবাড়ি ও আবাদি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। অভিযোগে মো. আঃ ছালাম, মো. নাঈম মিয়া ও মো. রনি নামের তিন ব্যক্তির বিরুদ্ধে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী আরও জানান, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অব্যাহতভাবে মাটি কাটার কারণে তার বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। এ বিষয়ে খোদেজা আক্তার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
