ঠাকুরগাঁওয়ে ডিবির জালে ৩২ মামলার আসামি মোজাম্মেল, উদ্ধার ইয়াবা
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩২টি মামলার পলাতক আসামি ও চিহ্নিত মাদক কারবারি মোঃ মোজাম্মেল হক ওরফে মোজাম (৪৯) আটক হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, মোজাম্মেলের বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা, মারামারি এবং মাদক-সংক্রান্তসহ মোট ৩২টি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।
আটক ব্যক্তি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও তেরকানিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলোর প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও এগিয়ে নেওয়া হবে।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জেলার অপরাধ ও মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
