দৌলতপুরে জেলা প্রশাসকের বিভিন্ন কর্মসূচি
চকমিরপুর ইউপি পরিদর্শন, বকুল ফুলের চারা রোপণ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়
রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, মতবিনিময় সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে জেলা প্রশাসক পরিষদ চত্বরে একটি বকুল ফুলের চারা রোপণ করেন।
এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর আঙিনা সবুজ ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরে জেলা প্রশাসক উপজেলার ৭৮ নং ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
এছাড়া জেলা প্রশাসক দৌলতপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা, সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেলা প্রশাসকের এ ধরনের পরিদর্শন ও মতবিনিময়ের মাধ্যমে উপজেলার সরকারি কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সরকারি সেবা আরও সহজে পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
