ঝিকরগাছার বাঁকড়ায় তরকারি ও মাছ বাজার জে কে হাইস্কুল মাঠে।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য যশোরের ঝিকরগাছা উপজেলার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বাঁকড়ার তরকারি ও মাছ বাজার স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার থেকে বাজার বসছে বাঁকড়া জে.কে হাইস্কুল মাঠে। ফলে জনবহুল এই বাজারে মানুষের ভিড় কিছুটা কম ও সামাজিক দূরত্ব বজায় থাকবে বলে আশা প্রকাশ করছে উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বাজার বাঁকড়ায়। এই বাজারে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া, হাজিরবাগ, নির্বাসখোলা ও শংকরপুর ইউনিয়ন, মণিরামপুর উপজেলার হরিহর নগর, ঝাঁপা ও মশ্বিমনগর ইউনিয়ন এবং কলারোয়া উপজেলার একটি অংশ নিয়মিত জিনিসপত্র কেনাবেচা করে। ফলে বাজারটিতে প্রতিদিন হাজার হাজার মানুষের জনসমাগম ঘটে। যে কারণে চলমান করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের কড়া নড়রদারী থাকার সত্বেও বাজারে মানুষের ভিড় সামলাতে বেশ কয়েকদিন ধরে হিমশিম খাচ্ছিল প্রশাসন। বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
ফলে উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বাজারের জনসমাগম এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বৃহস্পতিবার থেকে বাঁকড়া বাজারের তরকারি বাজার ও মাছ বাজারের দোকানগুলো বাঁকড়া জে.কে হাইস্কুল মাঠে স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহন করেন এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করে হাইস্কুল মাঠে বাজার বসতে শুরু করেছে। প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাঁকড়া জে.কে হাইস্কুল মাঠে এই বাজার চলবে।
এ ব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিনুর রহমান বলেন, আমাদের কড়া নজরদারি রয়েছে। আশা করি বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো। এছাড়া আমাদের সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে সচেতন হতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার বলেন, সামাজিক দূরত্ব ও জনসমাগম এড়ানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সরকারি নিদের্শনা অনুযায়ী আমরা বাজার স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে জনসমাগম এড়ানো সম্ভব হয় এবং করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নেয়া কোনো সিদ্ধান্ত অমান্য হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
