নিরবতার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে: মোরেলগঞ্জে গরু চুরির প্রতিবাদে এলাকাবাসির বিক্ষোভ ।

 প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১১:৩৬ অপরাহ্ন   |   খুলনা


মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে গরু চুরির হিড়িক লেগেছে। চোরের উপদ্রবে নদীর তীরবর্তী পঞ্চকরণ গ্রামের শতশত বাসিন্দার রাতের ঘুম হারাম হয়েছে। গত এক মাসে ওই গ্রাম থেকে চুরি হয়ে গেছে ৬টি গরু। দুই বছরে চুরি হয়েছে ২৪টি। ক্ষতিগ্রস্থরাসহ এলাকার শতশত লোক এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার বিকেল ৫টায় সোনাখালী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। 


সভায় বক্তব্য রাখেন পঞ্চকরণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিমন তালুকদার, মাষ্টার ফয়সাল তালুকদার, সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান শিকদার পার্শ্ববর্তী পুটিখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শিকদার মাহবুবুর রহমানসহ ভূক্তভোগী দরিদ্র কৃষকেরা। 


বক্তারা বলেন, পঞ্চকরণ ইউনিয়নে গরু চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত দুই বছরে কমপক্ষে ২৪টি গরু চুরি হয়েছে। ইউনিয়ন পরিষদ ও থানায় এসব বিষয়ে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার বা বিচার পাওয়া যায়নি। সর্বশেষ চুরির ঘটনা ঘটেছে গত ২০ জুলাই রাতে। ঐ রাতে তালুকদার বজলুল হকের ২টি গরু নিয়ে যায় চোরেরা। 


ইউনিয়ন চেয়ারম্যান ও থানা পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে বলেও অভিযোগ করেন বক্তারা। এ ছাড়াও রবিবার ভোররাতে বড়পরি গ্রামের কৃষক আব্দুল মান্নান হাওলাদারের একটি গর্ভবতী গাভী জবাই করে ৪টি পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 


পঞ্চকরণ গ্রাম থেকে গত দুই বছরে ২৪টি গরু চুরি হয়ে যাওয়ার বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা এর আরও খবর: