৩ বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে ছবি তুললেন এসিল্যান্ড

 প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০২:১১ অপরাহ্ন   |   খুলনা


নোভেল করোনাভাইরাস প্রতিরোধে মনিরামপুরে মাস্ক না পরায় শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান ভ্রাম্যমাণ আদালতে এ শাস্তি দেন। শুধু তাই নয়, কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজে ওই চিত্র তার মোবাইলে ধারণ করেন। রাতে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সামলোচনার ঝড় ওঠে।

জানা যায়, করোনাভাইরাস মোকাবেলায় লোকসমাগম না করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালত মনিরামপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে চিনাটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন প্রথমে দুই বৃদ্ধ। এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন। অপরজন রাস্তার পাশে বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন। কিন্তু তাদের মুখে মাস্ক ছিল না। এ সময় পুলিশ ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। শুধু তাই নয়, এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। এ ছাড়াও পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত অপর একজন ভ্যানচালককে অনুরূপভাবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। রাতে এ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা সমালোচনার ঝড় শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ শাস্তি দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। কান ধরিয়ে দাঁড় করার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

খুলনা এর আরও খবর: