করোনা উপসর্গে দৌলতপুরে মৃত্যু ১ : নমুনা সংগ্রহ।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে জিয়ার আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে তিনি জ্বর, হাঁচি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে মারা যান তিনি।
এ ঘটনায় ওই ব্যক্তির বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। নমুনা সংগ্রহের পর রাতে এ খবর লেখার সময় তার দাফন প্রক্রিয়া চলছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম এলাকার মৃত দবির আলীর ছেলে কৃষক জিয়ার আলী গত কয়েকদিন ধরে করোনার উপসর্গ- জ্বর, হাঁচি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার সময় নিজ বাড়িতে মারা যান তিনি।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী, দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান ঘটনাস্থলে যান। পরে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করেন দৌলতপুর হাসপাতালের চিকিৎসকরা। রাতে এ খবর লেখার সময় স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে কৃষক জিয়ার আলীর দাফন প্রক্রিয়া চলছিল বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী।
সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী বলেন, আমরা খোঁজখবর নিয়ে জেনেছি বেশ কিছুদিন ধরে তিনি (জিয়ার আলী) অ্যাজমা রোগে ভুগছিলেন। এরপর গত কয়েকদিন ধরে হাঁচি, কাশি ও শ্বাসকষ্টে ভুগতে থাকেন। শুক্রবার বিকেলে হঠাৎ করে অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান।
মারা যাওয়া ব্যক্তির বাড়িসহ আশেপাশের বাড়িগুলো প্রাথমিকভাবে লকডাউন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দু পাল জানান, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া জিয়ার আলীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার পরীক্ষার জন্য পাঠানো হবে। তবে রিপোর্ট হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
