গ্রামবাসীর বাধা, এগিয়ে এল না স্বজনরা,। দাফন করল গোপালগঞ্জ কাশিয়ানী থানা পুলিশ।

 প্রকাশ: ১৩ জুন ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বলুগ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আফরোজা বেগম (৪০) নামে এক নারীর লাশের কাছে আসেননি আত্মীয়-স্বজনরা। লাশ দাফনে বাধাও দেয় এলাকাবাসী। পরে সেই লাশের দায়িত্ব কাঁধে তুলে নেয় পুলিশ।

মৃত আফরোজা বেগম উপজেলার বলুগ্রামের মৃত খলিলুর রহমানের মেয়ে।


তার স্বামীর বাড়ি সাতক্ষীরা জেলায়। কাশিয়ানী থানা পুলিশ তার লাশ দাফন করে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমানের নির্দেশে এএসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল ছুটে যায় ওই গ্রামে। এলাকাবাসীকে বুঝিয়ে কবর খনন করেন তারা। পরে স্থানীয় মসজিদের এক ইমামকে ডেকে জানাজার নামাজ পড়িয়ে স্থানীয় কবরস্থানে ওই নারীর লাশ দাফন করেন তারা।

কাশিয়ানী থানার এএসআই আসাদুজ্জামান বলেন, ‘মারা যাওয়া ওই নারী দীর্ঘদিন ধরে স্বামীর বাড়ি সাতক্ষীরায় কিডনিজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে বলুগ্রামে বাবার বাড়ি নিয়ে আসা হলে বিকালে তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এমন সন্দেহে নিহতের আত্মীয়-স্বজনরা তার কাছে আসেননি এবং গ্রামবাসী লাশ দাফনে বাধা দেন। খবর পেয়ে আমরা পুলিশের একটি টিম ওই গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে নিজেরা কবর খুঁড়ে লাশের দাফন-কাফন সম্পন্ন করি।


কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার যে সব পুলিশ সদস্যরা করোনা ভয়কে উপেক্ষা করে লাশ দাফনে ছুটে গিয়েছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। পুলিশ যে জনগণের বন্ধু এটাই তার দৃষ্টান্ত। ’ 

তিনি বলেন আমরা সব সময় মানুষের পাশে আছি, থাকব।

জাতীয় এর আরও খবর: