ডেঙ্গু প্রতিরোধে কালকিনিতে সচেতনতামূলক র্যালী
মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনিতে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও কালকিনি পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম ভবনের সামনে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফ উল আরেফিন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন মশার লার্ভা জন্ম নিতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রশাসনের পাশাপাশি জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।”
তিনি আরও বলেন, “মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
