কালকিনিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচী উদ্বোধন
মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩৪ হাজার ৪২৫ জন শিশুকে টিকা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহতা জারাব সালেহীনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হোসেনসহ স্থানীয় ইমাম, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
