নতুন নীতিমালায় করোনা'র রেড জোন সিলেট জেলা ও মহানগর এর অধিকাংশ এলাকা।
এম আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিধিঃ
আধ্যান্তনিক নগরীখ্যাত সিলেট মহানগরের ২৭ টি ওয়ার্ড এবং জেলার অধিকাংশ এলাকা আবারো নতুন করে লকডাউন নীতিমালার আওতায় আসছে।
আগামী ১৮ জুন (বৃহস্পতিবার) থেকে এ নীতিমালা কার্যকর হওয়ার কথা রয়েছে।আগামীকাল (১৭ জুন) এই নীতিমালার দাপ্তরিক অনুমোদন দেবে সিলেটের সিভিল সার্জন কার্যালয়।
আজ মঙ্গলবার (১৬ জুন) মাল্টিসেক্টরাল কমিটির অনুষ্ঠিত এক সভায় সিলেট সার্কিট হাউসে এসব নীতিমালা প্রস্তুত করা হয়।
উল্লেখ্য যে, সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ২৭টি ওয়ার্ডকে এরই মধ্যে, করোনার রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। এই জোনিংয়ের ভিত্তিতে ভিন্ন ভিন্ন এলাকায় কার্যকর হবে ভিন্ন ভিন্ন নীতিমালা।
আজ দুপুরে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় সিটি কর্পোরেশনের ভাগ করা এলাকাগুলোর বিষয়ে কয়েকটি নীতিগত সিদ্ধান্তও নেয়া হয়। এসব সিদ্ধান্ত আগামীকাল প্রস্তুত করে সিভিল সার্জন অফিসে পাঠানো হবে এবং সিভিল সার্জন কার্যালয় থেকে সেগুলো অনুমোদিত হয়ে আসার পর আগামী (১৮ জুন- বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে সেই সিদ্ধান্তগুলো কার্যকর করা হবে।
সিদ্ধান্তগুলো হলঃ সিলেট সিটি কর্পোরেশন এলাকার রেড জোনে ওষুধের দোকান ২৪ ঘণ্টা এবং মোদি দোকানগুলো বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। আর বাকি সকল ধরনের দোকান বন্ধ থাকবে। রেড জোনে বন্ধ থাকবে সকল ধরনের গণপরিবহন এবং সকল ব্যাংকের শাখা। এ ক্ষেত্রে শুধুমাত্র এটিএম বুথের মাধ্যমে লেন-দেন করবেন গ্রাহকরা।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম এসব বিষয় নিশ্চিত করছেন সার্কিট হাউসের আজকের এ সভায়।
তিনি আজ দুপুর ২.৩০ মিনিটের সময় গণমাধ্যমকে বলেন, আজকের সভায় কিছু নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করছি কালকের মধ্যে সেটি চূড়ান্ত হবে এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে তা কার্যকর হবে।
তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় উত্তর সুরমায়- অর্থাৎ এপারে ১ থেকে ২৪ নং ওয়ার্ড সবগুলোই রেড জোনের আওতায় থাকছে। আর ওপারে- দক্ষিণ সুরমা এলাকার ২৫ ও ২৬ নং ওয়ার্ড গ্রিন জোন। ২৭ নং ওয়ার্ডে করোনা রোগী থাকলেও আপাতত দক্ষিণ সুরমা এলাকার ৩ ওয়ার্ডকেই রেড জোনে রাখা হচ্ছে না। তাই এই তিন ওয়ার্ড নতুন নীতিমালার আওতায় থাকছে না। তবে এপারের (উত্তর সুরমার) ২৪টি ওয়ার্ডই আসছে নতুন লকডাউন নীতিমালার আওতায়।
ডাঃ মোঃ জাহিদুল ইসলাম আরো জানান, দক্ষিণ সুরমা যেহেতু নতুন নীতিমালার আওতায় পড়ছে না তাই বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাবে।
তবে সিলেট সিটি কর্পোরেশনের (উত্তর সুরমার) ২৪টি ওয়ার্ডে সিএনজি অটোরিকশা, লেগুনা ও টাউন বাসসহ বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন।
এ বিষয়সহ এবং পুরো সিলেট জেলার লকডাউনের ব্যাপারে বিস্তারিত জানতে সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনের কল রিসিভ করেননি।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ আনিসুর রহমান এ প্রতিবেদক কে বলেন, চূড়ান্ত সিদ্ধান্তটা এখনও জানতে পারিনি। মৌখিকভাবে জানতে পেরেছি- আগামী ১৮ জুন (বৃহস্পতিবার) থেকে সিলেট মহানগর ও জেলায় নতুন নীতিমালা কার্যকর হবে। এ বিষয়ে লিখিত সিদ্ধান্তগুলো আমরা এখনো পাইনি, হয়তো আগামীকাল পাবো,তখন বিস্তারিত বলা যাবে।
তিনি বলেন, সিলেট জেলার কোনো উপজেলাকেই পুরোপুরি লকডাউন করা হবে না। উপজেলাগুলোতে রোড জোন চিহ্নিত করে নির্দিষ্ট এলাকাকে নতুন লকডাউন নীতিমালার আওতায় নিয়ে আসা হবে।
