নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের মায়ের শ্বাসকষ্টে মৃত্যু।
নড়াইল স্টাফ রিপোর্টারঃ
মাশরাফীর হাতে গড়া প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিকের মা সুফিয়া খাতুনের (৮০) শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন। শুক্রবার (২৬ জুন) দুপুরে তিনি নড়াইল শহরের মহিষখোলা এলাকায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
অনিক অভিযোগে জানান, তার মা বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ১০দিন পূর্বে তার করোনা নমুনা সংগ্রহ করা হলেও অফিস থেকে বলা হয় নমুনা নষ্ট হয়ে গেছে। বুধবার (২৪ জুন) পূনরায় নমুনা সংগ্রহ করা হলেও এর রিপোর্ট আসেনি। এই নমুনা রিপোর্ট না পাওয়ায় দেশের বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তি করা সম্ভব হলো না।
তিনি দুঃখ করে বলেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৩ বছর ধরে নড়াইলে ফ্রি ও নামমাত্র অর্থে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এমনকি করোনাকালীন সময়েও জেলার প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকরা ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন এবং এখনও টেলিমেডিসিন সেবা প্রদান করে আসছেন। কিন্তু তার বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য কোনো চিকিৎসককে বাসায় ডেকে আনতে পরেননি।
জানা গেছে, মৃত্যুকালে সুফিয়া খাতুন ৬ পূত্র এবং ৪ কন্যা সন্তান রেখে গেছেন। শুক্রবার বিকেলে মৃতের গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলার শালনগর গ্রামে পারিবারিক গোরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজাসহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ গভীর শোক এবং পরিবারের সকলের প্রতি সমবে*দনা জ্ঞাপন করেছেন।
