দৌলতপুরে যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল

 প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন   |   রাজনীতি


রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগের কথিত নাশকতামূলক কর্মকাণ্ড, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩শে জুন) বিকেলে দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম-এর নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। বক্তারা বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিএনপি সব সময় গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিশ্বাসী। কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা অরাজকতা জনগণ মেনে নেবে না। অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানানো হয়। প্রতিবাদ মিছিলে দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজনীতি এর আরও খবর: