মাইটিভির মানবিক প্রতিবেদন বদলে দিল তিন প্রতিবন্ধী বোনের জীবন, দায়িত্ব নিলেন এমপি খোকন
শেখ লিয়াকত আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক
মাইটিভিতে প্রচারিত একটি মানবিক প্রতিবেদন বদলে দিয়েছে মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব দর্শনা গ্রামের একই পরিবারের তিন শারীরিক প্রতিবন্ধী বোনের জীবনের গল্প। অসহায় এই তিন বোনের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে সম্প্রতি মাইটিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
প্রতিবেদনটি নজরে আসে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের। এরপর তিনি অসহায় পরিবারটির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। তাঁর পক্ষ থেকে প্রতিনিধিরা পরিবারটির বাড়িতে গিয়ে তাৎক্ষণিকভাবে তিন মাসের খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় বস্ত্র সহায়তা প্রদান করেন।
মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরু মোহাম্মদ তালুকদার জানান, এই সহায়তা এককালীন নয়। ভবিষ্যতেও পরিবারটির পাশে থেকে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখা হবে, যাতে তিন প্রতিবন্ধী বোন ন্যূনতম মানবিক মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারেন।
দীর্ঘদিনের চরম অসহায়ত্ব ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো পরিবারটির সদস্যরা এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, সমাজের সহানুভূতিশীল মানুষের দৃষ্টি আকর্ষণ হওয়ায় নতুন করে বেঁচে থাকার আশা জেগেছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ও মানবিক সাংবাদিকতার কারণেই বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এসেছে। তারা অসহায় মানুষের দুর্দশা তুলে ধরে কার্যকর ভূমিকা রাখায় মাইটিভিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক প্রতিবেদন প্রচারের আহ্বান জানান।
