দৌলতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত।
রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। আজ ২৬ মার্চ, বুধবার এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে একাত্তরের বীর আত্মত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দৌলতপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দৌলতপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। সর্বপ্রথম দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এবং সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরবর্তীতে দৌলতপুর উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও ১৯৭১ সালের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন, সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম, অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন, আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ, প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দৌলতপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে শারীরিক কসরত, কুচকাওয়াজ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন ও সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম।
এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানান। তিনি দেশ পরিচালনায় তাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন এবং বলেন, তাদের অবদানের কারণেই আমরা স্বাধীনতা পেয়েছি।
তিনি আরও বলেন, দৌলতপুরে সম্প্রতি দুইজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। দিন দিন আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের হারিয়ে ফেলছি—তাদের স্মরণ করে তিনি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
শহীদদের এই আত্মত্যাগ বাঙালি জাতিকে চিরদিন অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।।
