প্রজ্জ্বলিত সীসা গলানো খোলা ভাট্টি : হুমকির মুখে মানুষ ও প্রকৃতি

 প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন   |   সারাদেশ


এ মুহুর্তে যেসব খোলা ভাট্টিতে ব্যাটারি পুড়িয়ে সীসা গলানো হচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য, ধামরাই উপজেলার কালামপুর এলাকায় কামাল মজুমদারের বাগান বাড়িতে প্রজ্জ্বলিত ৪টি সীসা গলানো চুলা । এ ছাড়া সাভার নামা বাজারের কাছে পরিত্যক্ত ইট ভাটার ভিতরে ২টি চুলা জ্বলছে।  গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাছে ময়লা ডাম্পিংয়ের পাশে জ্বলছে খোলা ভাট্টি’র আরও ৮টি চুলা। আমিন বাজার ময়লার ভাগাড়ের পাশে ৪টি চুলা এবং সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন আওয়াল মার্কেট থেকে দক্ষিণ রাস্তার একটু সামনে ইট ভাটার ভেতরে খোলা ভাট্টি’র ৮টি চুলায় পুরানো ব্যাটারি পুড়িয়ে সীসা গলানো হচ্ছে। 

অসাধু চক্রকে অনৈতিক সুবিধা দিয়ে তারা অবৈধভাবে এসব খোলা ভাট্টিতে দীর্ঘদিন ধরে পুরনো ব্যাটারি পুড়িয়ে সীসা গলাচ্ছে। আপাতত এ তথ্যগুলো আমাদের অনুসন্ধানে উঠে এসেছে।  তবে পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্ভাব্য উপস্থিতি টের পেলেই সীসা গলানোর খোলা ভাট্টি ওয়ালারা স্থান পরিবর্তন করে।  জীবন, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যায়ক্রমে খোলা ভাট্টি’র মালিক ও পৃষ্ঠপোষকদের মুখোশ উন্মোচন করা হবে। 

অবৈধ খোলা ভাট্টিতে কি হয় ?

প্রায় অর্ধেক দামে কিনে নেওয়া হয় অটোরিকশা ও চার্জার ভ্যানের পুরোনো ব্যাটারি। এরপর ব্যাটারির এসিড বের করে আলাদা করা হয় প্লাস্টিক ও সীসা।  দিনে ব্যাটারি ভাঙ্গা হয়।  রাতের আধারে ব্যাটারি পোড়ানোর কালো ধোঁয়া আর বিষাক্ত এসিডে দূষিত হচ্ছে পরিবেশ। ক্ষতি হচ্ছে মানব দেহের এবং ঐ সব এলাকার প্রধান অর্থকরী ফসল ধানের উৎপাদন ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে শাকসবজি ও ফলমূল। 

পুরোনো ব্যাটারি থেকে বের করা এসিড ফেলা হচ্ছে উন্মুক্ত জলাশয়।  ফলে এসিডযুক্ত বিষাক্ত পানি যাচ্ছে ফসলি জমিতে। এতে ফলন কমার পাশাপাশি ধানে দেখা দিয়েছে বিভিন্ন রোগ-বালাই ও চিটা। খোলা ভাট্টি’র এই পুরো প্রক্রিয়াটি আইনগত ভাবে সম্পূর্ণ অবৈধ। অন্যদিকে, মানুষ ও প্রকৃতির ক্ষতি করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে খোলা ভাট্টি কারবারিরা।  অথচ নতুন ব্যাটারির কাঁচামাল উৎপাদনের জন্য  পুরোনো ব্যাটারি রিসাইক্লিংয়ের জন্য কঠোর আইনকানুনের বেড়াজালে বেশ কয়েকটি কারখানার অনুমোদন দিয়েছে সরকার। অনুমোদিত কারখানাগুলো অত্যন্ত সুরক্ষিত ও পরিবেশবান্ধব। এটিপি ও ইটিপি ব্যবস্থাসহ সেখানে সর্বাধুনিক প্রযুক্তি বিদ্যমান।  তারা নিয়মিত ভ্যাট ট্যাক্স পরিশোধ করছে। আর অবৈধ  খোলা ভাট্টিচক্র ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য প্রশাসনের নজর এড়াতে ভাট্টি’র চারপাশে কাপড়, টিন অথবা ইট দিয়ে অস্থায়ী বেড়ার মধ্যে উন্মুক্ত পরিবেশে সীসা গলাচ্ছে। এতে মারাত্মক ক্ষতি হচ্ছে মানুষ ও প্রাকৃতিক পরিবেশের। সামগ্রিক ভাবে অবৈধ ও সনাতন পদ্ধতিতে সীসার উৎপাদন খরচ কম হয় বিধায় সীসাসহ নতুন ব্যাটারির কাঁচামালের কালো বাজার নিয়ন্ত্রণ করে খোলা ভাট্টি কারবারিরা।  এতে করে তারা অল্প সময়ের মধ্যেই ব্যাপক অবৈধ অর্থ-সম্পদের মালিক বনে যাচ্ছেন।   অপরদিকে বৈধ কারখানার মালিকগন ব্যপক ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

ভাকুর্তার তেভাগা কৃষক রমিজ উদ্দিন মিয়াসহ বিভিন্ন স্থানের ভুক্তভোগীদের অভিযোগ, রাতে যখন ব্যাটারি জ্বালানো হয়, তখন আশপাশের ৩ কিলোমিটার জুড়ে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়। এতে মানুষের শ্বাসকষ্ট ও নানা রোগব্যাধি দেখা দিয়েছে।  ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।  প্রতিবাদ করলেই উল্টো হুমকি দিচ্ছি খোলা ভাট্টিওয়ালারা। 

বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পরিবেশ দূষনকারী খোলা ভাট্টির সংবাদের প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুক এক্টিভিস্ট   মানিকগঞ্জের মোহাম্মদ সোহেল চৌধুরী জানান, সিংগাইর চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটিতে একটি খোলা ভাট্টি রয়েছে।  

 উত্তরার মোহাম্মদ বাবুল জানান, রাজধানীর তুরাগ থানা এলাকায় কামারপাড়ায় ইস্টার্ন মেডিকেলের কাছেও একটি খোলা ভাট্টিতে ব্যাটারি পুড়িয়ে সীসা গলানো হচ্ছে।  যা পরিবেশের জন্য ক্ষতিকর। 

এদিকে, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আন্দোলনরত বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে সীসা গলানো খোলা ভাট্টি বন্ধের দাবী জানিয়েছে। অন্যথায় তাঁরা আন্দোলনের হুমকি দিয়েছেন।  

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক (এনফোর্সমেন্ট)  সৈয়দ আহম্মদ কবীর-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সংশ্লিষ্ট জেলা অফিসগুলোর সাথে এ বিষয়ে কথা বলেছি এবং ভ্রাম্যমান আদালত সক্রিয় করা হচ্ছে। যাতে করে এই সিন্ডিকেটকে আইনের আওতায় আনা যায়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা অঞ্চল) মোঃ ফেরদৌস আনোয়ার বলেন, অবৈধভাবে কোন সীসা কারখানা পরিচালনার কোন সুযোগ নেই।  এ ধরনের  অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান  পরিচালিত হচ্ছে। গাজীপুর ও ঢাকা জেলার আশেপাশে যাতে কোন অবৈধ সীসা কারখানা পরিচালিত হতে না পারে সেজন্য তদন্ত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ এর আরও খবর: