দৌলতপুরে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মোঃ রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ আলী হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রৌহা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর থানার একটি টিম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে রৌহা এলাকায় অভিযান চালায়। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোঃ মাজেম (পীর) সাহেবের মুদি দোকানের সামনে কাঁচা রাস্তা থেকে স্থানীয় লোকজনের হাতে আটক অবস্থায় আলী হোসেনকে পুলিশ হেফাজতে নেয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে খবরের কাগজে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য দুই হাজার টাকা।
দৌলতপুর থানার পুলিশ জানায়, গাঁজা উদ্ধারের পর আলী হোসেনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় স্থানীয় জনতার মারধরে তিনি শরীরের বিভিন্ন স্থানে সাধারণ জখম হন। পরে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা হয়েছে। মামলার এফআইআর নং-৯, তারিখ ১৯ আগস্ট ২০২৬; জিআর নং-১১৫।
দৌলতপুর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) এ কে এম বজলুর রশিদ মামলাটি তদন্ত করছেন। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
