মধুখালীতে ৫০ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন   |   সারাদেশ


সুজল খাঁন, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ


মানবিকতা ও সমাজসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশ্বর গ্রামে দরিদ্র, অসহায় ও দুস্থ ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তরুণ সমাজসেবী মোঃ সৌরভ মোল্লা।


মানব কল্যাণ সংঘের উদ্যোগে এবং সংগঠনের সদস্য মোঃ সৌরভ মোল্লার ব্যক্তিগত অর্থায়নে প্রতি বছরের মতো এবারও এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। তাঁর উদ্যোগ ও সহযোগিতায় বেলেশ্বর গ্রামের সুবিধাবঞ্চিত ৫০টি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।


বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল ও ১ কেজি আটা। মানব কল্যাণ সংঘের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে এসব খাদ্যসামগ্রী অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।


অনুষ্ঠানে মানব কল্যাণ সংঘের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা মোঃ সৌরভ মোল্লা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


মোঃ সৌরভ মোল্লা বলেন,

“সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের কঠিন সময়ে সহযোগিতা করাই আমার এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও আমি মানুষের পাশে থাকার চেষ্টা করব।”


আয়োজকরা জানান, মোঃ সৌরভ মোল্লা  দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে তিনি বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করে আসছেন।


উল্লেখ্য, মোঃ সৌরভ মোল্লা  বেলেশ্বর যুব সংঘের প্রতিষ্ঠাতা এবং একজন তরুণ সমাজসেবী ও সংগঠক। তাঁর অর্থায়নে ও সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

সারাদেশ এর আরও খবর: