ঈদে মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করার লক্ষ্যে সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-২) প্রকল্পের কর্মকর্তাদের সাথে সলঙ্গার হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমানের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ এপ্রিল) সকাল ১০ টায় হাটিকুমরুল রোড অভিজাত হোটেল ফুড ভিলেজ প্লাসে পুলিশ ও সাসেক কর্মকর্তাদের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওয়ন,বগুড়ার পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন। আরও উপস্থিত ছিলেন, বগুড়া হাইওয়ে রিজিওনের সহকারী পুলিশ সুপার হরেশ্বর। সমন্বয় সভায় আসন্ন ঈদুল ফিতরে মহাসড়ককে যানজটমুক্ত করার লক্ষ্যে সাসেক-২ কর্মকর্তাদের সাথে মহাসড়কের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এ সময় এসপি শাহাবুদ্দীন মুনশী বলেন, এবারের ঈদুল ফিতরে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফিরতে মহাসড়কে হাইওয়ে পুলিশ বিশেষ ভুমিকা পালন করবেন। তিনি মহাসড়কের যানজটের কারনগুলো চিহ্নিত করে পুলিশ ও সাসেক কর্মকর্তাদের অতি দ্রুত সড়ক মেরামতের নির্দেশ প্রদান করেন। সাসেক-২ এর প্রকল্প পরিচালক আহসান মাসুদ বাপ্পি বলেন, বঙ্গবন্ধু সেতু থেকে ধোপাকান্দি পর্যন্ত মহাসড়কে ছয় লেনের কাজ চলমান রয়েছে৷ মহাসড়কে কাজ চলমান থাকায় কিছুদিন থেমে থেমে যানজট ছিলো। বর্তমানে মহাসড়কে যানজট নেই। গত ঈদে নির্মানাধীন নলকা সেতুর কারনে এক লেনে গাড়ি চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছিল।আশা করছি এবারের ঈদের আগেই নলকা সেতুর কাজ সম্পন্ন হবে। সেতুর কাজ সম্পন্ন হলে ঈদে ঘরমুখো যাত্রীদের আর কষ্ট পোহাতে হবে না। সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন সাসেক-২ এর প্রকল্প পরিচালক আহসান মাসুদ বাপ্পী,সড়ক বিভাগ,সিরাজগঞ্জের উপ-বিভাগীয় পরিচালক জাহিদুর রহমান,ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আকতার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,টিআই রফিকুল ইসলাম,সলঙ্গা থানার ওসি তদন্ত জাকেরিয়া হোসেনসহ প্রমূখ।
