বেনাপোল পৌরসভাসহ ৫টি পৌরসভায় নতুন প্রশাসক নিয়োগ
মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
যশোর জেলার বেনাপোল পৌরসভাসহ দেশের ৫টি পৌরসভায় নতুন পৌর প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার। বুধবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-শাখার উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়েছে। (যার স্মারক নং-৪৬.০০.০০০০.০৬৩.৯৯.০২৭.২২.৫২৭)
নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে যশোরের বেনাপোল, গোপালগজ্ঞ, চাঁদপুরের ছেংগারচর, দিনাজপুরের পার্বতীপুর ও পিরোজপুরের মঠবাড়িয়া। এই ৫ পৌর সভার মেয়াদ উর্ত্তীন হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এসব পৌরভার অনেক আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নানা জটিলতার কারণে নির্বাচন হচ্ছিল না। এবার নতুন প্রশাসক নিয়োগ দেওয়ায় নির্বাচন হতে আর কোন বাধা থাকছে না। বেনাপোল পৌরসভায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালকে, গোপালগজ্ঞ পৌরসভায় স্থানীয় সরকারের উপপরিচালক, চাঁদপুরের ছেংগারচরে চাঁদপুরের মতলব (উত্তর) এর সহকারি কমিশনার (ভূমি), দিনাজপুরের পার্বতীপুরে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও পিরোজপুরের মঠবাড়িয়ায় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারকে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে স্থনীয় সরকার মন্ত্রাণালয়।
স্থানীয় সরকার মন্ত্রনালয় (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক উল্লেখিত স্ব-স্ব পৌরসভার সার্বিক দায়িত্ব ও কর্মকান্ড পালন করবেন।
এদিকে বেনাপোল পৌরসভায় প্রশাসক নিয়োগের খবর পেয়ে যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিনের সমর্থকেরা বেনাপোল বাজারের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
জানা যায়, ২০০৬ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় বেনাপোল ইউনিয়নের ১১টা গ্রামের অংশ নিয়ে (৮.৬০ বর্গ মিটার আয়তনে) বেনাপোল তৃতীয় শ্রেণীর পৌরসভা হিসেবে ঘোষণা করেন। ২০০৬ সালের ১৬ এপ্রিল থেকে বেনাপোল পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপি নেতা শামছুর রহমান। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে সরিয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশীর আহমদকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. আব্দুল হাকিম, কামরুল আরিফ। ২০১০ সালের ১ ডিসেম্বর তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয় বেনাপোল পৌরসভাকে।
এরপর আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ১৩ জানুয়ারি বেনাপোল পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম লিটন। ২০১১ সালের ২০ সেপ্টেম্বর বেনাপোল পৌরসভা প্রথম শ্রেণির মর্যাদা পান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে। ৫ বছর পর ২০১৫ সালের ১৩ জানুয়ারি পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হলেও সীমানা সংক্রান্ত মামলায় ঝুলে ছিল নির্বাচন। ৭ বছর ৩ মাসেও মামলা নিষ্পত্তি না হওয়ায় বেনাপোল পৌরসভায় কোন নির্বাচন হয়নি। অবশেষে স্থানীয় সরকার থেকে পৌরসভায় নতুন পৌর প্রশাসক নিয়োগ দেওয়ায় এখন আর নির্বাচনে বাধা থাকছে না। যে কোন সময় নির্বাচনের নতুন তফশিল ঘোষনা করা হবে বলে জানা গেছে।
