মন্ত্রী হতে পারেন গুম ফেরত আনিসুর রহমান তালুকদার খোকন
মো. জিয়ারউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
মন্ত্রী হতে পারেন গুম থেকে আসা আনিসুর রহমান তালুকদার খোকন, রাজনৈতিক মহলে জোর গুঞ্জন-মন্ত্রীসভায় স্থান পেতে পারেন তিনি। দীর্ঘদিন ‘গুম’ থাকার বিভীষিকা কাটিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া আনিসুর রহমান তালুকদার খোকন এবার মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকে এবার নতুন মুখ হিসেবে মাদারীপুর-৩ আসনের এই নেতাকে বেছে নেওয়া হতে পারে। সে ক্ষেত্রে তিনি পূর্ণমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।
এ নিয়ে দৈনিক "বাংলাদেশ প্রতিদিন" ও দৈনিক "কালবেলা" সহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনের রিপোর্ট ছাপা হওয়ায় বিষয়টি রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে বিপুল ভোটের ব্যবধানে জামায়াত মনোনীত প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন খোকন। এর আগে, ২০১৮ সালেও তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে একই আসনে নির্বাচন করেছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান তালুকদার খোকন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এ নেতা একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগ সরকারের আমলে দুই শতাধিক মামলার আসামি হয়ে একাধিকবার কারাবরণ করেন তিনি। দীর্ঘ সময় তিনি গুমের শিকার ছিলেন এবং নানা নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়েও রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। আওয়ামী লীগের প্রভাবশালী এলাকায় দলকে সংগঠিত করতে ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী কাঠামো গড়ে তুলতে কাজ করেন তিনি।
প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন এবং মাদারীপুরের প্রতিটি ইউনিয়নে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আলোচনায় আসেন। এছাড়া বিএনপি ঘোষিত মাদারীপুরের বিভিন্ন কর্মসূচিতে বড় বড় শোডাউন দিয়ে তৎকালীন সরকারের মোস্ট ওয়ান্টেডের তালিকায়ও নাম উঠে আসে তার।
বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, দলের হাইকমান্ডের আস্থাভাজন নেতাদের মধ্যে খোকন অন্যতম। সম্ভাব্য মন্ত্রিপরিষদের প্রাথমিক আলোচনায় তার নাম রয়েছে বলে জানা গেছে। সে ক্ষেত্রে তিনি পূর্ণমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
