হৃদয়ে সৈয়দপুরের উপহার পেলো শেফালী বেগম।
উপজেলা প্রতিনিধি সৈয়দপুর, (নীলফামারী)
"মানুষ যে মানুষের জন্য, জীবন যে জীবনের জন্য” তা আবারও প্রমাণ করলো হৃদয়ে সৈয়দপুর নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যরা। সংগঠনটির উদ্যোগে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাগডোকরা গ্রামের তিন সন্তানের জননী শেফালী বেগমকে মালামালসহ একটি দোকান ঘর তৈরি করে দেয়া হয়েছে।সেই সঙ্গে তাঁর বাড়িতে পরিবেশ ও স্বাস্থ্যসম্মত একটি ল্যাট্রিন ও গোসলখানা তৈরি করে দেয়া হয়। ২২ ডিসেম্বর শুক্রবার নতুন ঢেউটিন দিয়ে তৈরিকৃত ল্যাট্রিন, গোসলখানা ও দোকানের মালামাল হস্তান্তর করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাগডোকরা গ্রামের বসবাস করেন শেফালী বেগম। স্বামী দুই বছর আগে তাকে ছেড়ে গিয়ে অন্যত্র বিয়ে করেন। এতে চরম বিপাকে পড়েন শেফালী বেগম তাঁর মা, নানী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে। শেফালী বেগমের মা ও নানি বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। পরিবারের ৬ সদস্যের দুই বেলা দুমুঠো খাবার যোগাতে কাজ নেন সৈয়দপুরের একটি প্লাইউড ফ্যাক্টরিতে। সেখানে কাজ করে দিন শেষে যা রোজগার হয় তা দিয়ে কোনমতে একবেলা খেয়ে বেঁচে আছেন পরিবারের সদস্যরা।
দুই জমজ মেয়ে হাসি ও খুশি (১০) লেখাপড়া করছেন বাগডোকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে। একমাত্র ছেলে মো. শাহিনকে বছর দেড়েক আগে বাড়ির পাশে একটি মুদি দোকান করে দিলেও সেটিও পুঁজির অভাবে কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায়। এমন দুঃসময়ে সংসারের কষ্ট লাঘব করতে বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করে শাহিন। কিন্তু রোজ কাজকর্ম না থাকায় প্রায় দিনই না খেয়ে থাকতে হয় তাদের। কিন্তু এভাবে আর কতদিন। কোন উপায় না পেয়ে পাশের গ্রামের তরুণ সামিউল আলিমের সাথে যোগাযোগ করে। তিনি (আলিম) হৃদয়ে সৈয়দপুর সংগঠনের কামারপুকুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। তার সাথে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে সংগঠনটির সভাপতিসহ সদস্যদের বিষয়টি অবগত করেন। এরপর সকল সদস্যদের সিদ্ধান্তে শেফালী বেগমের পরিবারকে স্বাবলম্বী করতে শেফালী বেগমের দোকানে মালামাল কিনে দেন। সেই সঙ্গে তাঁর বাড়িতে ঢেউটিন পরিবেশ ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ও গোসলখানা তৈরি করে দেন। গত ২২ ডিসেম্বর শুক্রবার সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সে সব হস্তান্তর করা হয়েছে। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা, পৌর উপদেষ্টা ও সমাজসেবক রবিউল আউয়াল রবি, কামারপুকুর ইউনিয়ন উপদেষ্টা শরিফুল ইসলাম, মেসকাত রহমান রিদয়, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রানা, কামারপুকুর ইউনিয়ন সভাপতি লিমন সরকার, সাধারণ সম্পাদক সামিউল আলিম, বোতলাগাড়ী সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিব্বির ইসলাম, সালপিয়া আক্তার, মো. রুবেল, বাঙ্গালীপুর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শাহিন, বাপ্পি, রিয়াদ, সায়মুন, সাহেব, খালিদ, সেলিম রেজা, ইব্রাহিম, মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন।
