বাড়ির সবাই নির্বাচনী প্রচারণায়, টাকা-গহণা নিয়ে পালালো চোর

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন   |   সারাদেশ



সৌরভ সাহা

ডোমার উপজেলা প্রতিনিধি


একেই বলে ঝোপ বুঝে কোপ! পরিবারের সবাই যখন নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত তখন ফাঁকা বাড়িতে ঢুকে চোরেরা একটি পরিবারের সব কিছু নিয়ে গেছে। খোয়া গেছে নগদ ৯ লাখ টাকা ও ১০ ভরি সোনার গহনা।


ঘটনাটি ঘটেছে গতকাল রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামে। এই গ্রামের প্রবাসী আব্দুর রশিদ মোল্লার বাড়িতে দুধর্ষ এই চুরির ঘটনা ঘটেছে।


প্রবাসী আব্দুর রশিদের ভাই জাহিদুল ইসলাম জানান, তিনি শনিবার রাতে বলরামপুর বাজারে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকনের সমর্থকদের মাঝে খাবার বিতরণ করছিলেন। এ সময় প্রতিবেশীরা ফোন করে জানায়, তার বাড়িতে কে বা কারা ঢুকে সব নিয়ে গেছে। বাড়িতে এসে ঘরের তালা ভাঙ্গা ও আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পান তিনি।


জাহিদুল অভিযোগ করেন, তিনি দীর্ঘ ১৭ বছর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার কারণে তার বাড়িতে পরিকল্পিত ভাবে চুরির ঘটনা ঘটানো হয়েছে।


প্রবাসী আব্দুর রশিদের মেয়ে মিম খাতুন জানান, মা, চাচীসহ তারা তিনজন বলরামপুর বাজারে গিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকনের নির্বাচনী প্রচারনায়। যাওয়ার সময় তারা বাড়ি তালাবদ্ধ করে রেখে যান। ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙ্গা।


তিনি আরো জানান, আলমারির ড্রয়ার ভেঙ্গে বিদেশ থেকে তার পিতার পাঠানো প্রায় ১০ ভরি সোনার গহনা ও নগদ ৯ লাখ নিয়ে গেছে চোরেরা। এ ঘটনা পরিকল্পিতভাবে কেউ ঘটিয়েছে বলেও জানান তিনি।


প্রবাসীর স্ত্রী বিউটি বেগম বলেন, ঘরে তার ভাসুরের হালখাতার সাড়ে ৪ লাখ টাকা ও স্বামীর পাঠানোসহ নগদ ৯ লাখ টাকা ছিল। আরো ছিল সোনার গহনা। সবই চোরে নিয়ে গেছে।


কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, চুরির খবর শুনে রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সারাদেশ এর আরও খবর: